সিউড়িতে পুলিশ বনাম বিজেপি প্রার্থী সংঘাত, কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগে ধুন্ধুমার

বীরভূমের সিউড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের ১৬৮ নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাসের বাড়িতে গিয়ে হুমকি প্রদর্শন করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা। উত্তেজনার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে, যখন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর এক বিশাল দল স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, বেশ কয়েকদিন ধরেই পুলিশ পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে বিজেপির বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে শাসাচ্ছে। জগন্নাথবাবু সাফ জানিয়ে দিয়েছেন যে, তৃণমূলের মদতে যদি পুলিশ এভাবেই বিজেপি কর্মীদের হুমকি দিতে থাকে, তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সর্বোচ্চ স্তরে লিখিত অভিযোগ জানানো হবে।
ক্ষুব্ধ বুথ সভাপতি উপেন দাস এবং ১৭১ নম্বর বুথের সভাপতি গোপাল দাসও পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বাড়িতে পুরুষ সদস্যরা না থাকলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে বাড়ির মহিলাদের ভয় দেখাচ্ছে এবং প্রচার না করার জন্য শাসাচ্ছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় পালটা দাবি করেছেন যে, পুলিশকে হুমকি দেওয়া বিজেপির সংস্কৃতিতে পরিণত হয়েছে। তারা মনে করছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করবে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সিউড়িতে রাজনৈতিক পারদ তুঙ্গে।
