সিকিমে তুষারঝড়ে আটকে পড়া ৪৬ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা
সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে আকস্মিক তুষারপাতের ফলে বিপাকে পড়েছেন ৪৬ জন পর্যটক। পূর্ব সিকিমের ছাঙ্গু ও নাথুলা সংলগ্ন এলাকায় জওহরলাল নেহরু রোডে পর্যটকবোঝাই একাধিক গাড়ি বরফে আটকে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর আচমকা এই প্রাকৃতিক বিপর্যয়ে শিশু ও প্রবীণসহ বহু পর্যটক আটকা পড়েন।
বিপর্যয় মোকাবিলায় দ্রুত অভিযানে নামে ভারতীয় সেনা, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিমরাহাত’। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আটকে পড়া সমস্ত পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের বর্তমানে ১৭ মাইল এলাকার সেনাছাউনিতে রাখা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও পূর্ব সিকিমে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের সমতলে ফিরিয়ে আনা হবে। আপাতত নিরাপত্তার খাতিরে ওই এলাকায় যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

