লেটেস্ট নিউজ

সিগারেট ধরাতে বারণ করায় ভয়ঙ্কর কাণ্ড! পেট্রল পাম্পের তেলের ট্যাঙ্কে জ্বলন্ত লাইটার ছুড়লেন যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

সিগারেট খেতে বাধা দেওয়ায় চরম প্রতিশোধ! রাগের মাথায় চলন্ত পেট্রল পাম্পের তেলের ট্যাঙ্কে জ্বলন্ত লাইটার ছুড়ে মারলেন এক যুবক। ছত্তিশগড়ের রায়পুরের উরলা এলাকায় এই হাড়হিম করা ঘটনায় মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ১৮ ফেব্রুয়ারি রাতের এই শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন রাত পৌনে ৮টা নাগাদ উরলা এলাকার কর্ম চকে একটি বাইকে করে দুই যুবক তেল ভরতে আসেন। বাইকের পিছনে বসে থাকা যুবকটি পাম্পের মধ্যেই সিগারেট ধরানোর চেষ্টা করলে কর্মরত কর্মী তাকে কড়াভাবে সতর্ক করেন। এই সামান্য বারণেই মেজাজ হারান ওই যুবক। বচসা চলাকালীনই তিনি পকেট থেকে লাইটার বের করে সরাসরি বাইকের খোলা তেলের ট্যাঙ্কে জ্বেলে ফেলে দেন।

নিমেষের মধ্যে আগুন ধরে যায় বাইক এবং পাম্পের নজেলে। উপস্থিত মানুষজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করলেও, এক পাম্প কর্মীর অসীম সাহসিকতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তিনি দ্রুত মূল জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর অভিযুক্ত ধর্মেন্দ্র সিং এবং ইমরান কুরেশি পালানোর চেষ্টা করলে পাম্প কর্মীরাই তাদের ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। উরলা থানার পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতার চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা ২০২৪ সালের হায়দরাবাদের একটি স্মৃতি উস্কে দিয়েছে, যেখানে এক মদ্যপ ব্যক্তি বাজি ধরে পাম্পে আগুন লাগিয়ে দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *