সিমলাপালে তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক পদে ভিলেজ পুলিশ, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
বাঁকুড়ার সিমলাপাল ব্লকে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক পদে বিক্রমপুর গ্রামের বাসিন্দা তথা কর্মরত ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকারকে জায়গা দেওয়া হয়েছে। ২০১২ সাল থেকে পুলিশে কর্মরত জনৈক কর্মীর রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়া নিয়ে প্রশাসনিক নিরপেক্ষতা ও নৈতিকতার প্রশ্নে সরব হয়েছে বিরোধী শিবির।
বিজেপির অভিযোগ, এই ঘটনা প্রমাণ করে যে রাজ্যে শাসক দল এবং পুলিশ প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন সরকারি কর্মীকে সরাসরি দলীয় পদে বসানো গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী বলে দাবি তাদের। বিরোধীদের মতে, দীর্ঘদিন ধরে পুলিশ ও তৃণমূলের ঘনিষ্ঠতার যে অভিযোগ তারা করে আসছিল, এই নিয়োগ তারই অকাট্য প্রমাণ।
অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই বিতরক উড়িয়ে দিয়ে জানিয়েছে, উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে যে কেউ দলে যোগ দিতে পারেন। মধুসূদন কর্মকার স্বেচ্ছায় সংগঠনের দায়িত্ব নিয়েছেন এবং এতে কোনো আইনি বা দলীয় বাধা নেই বলে তাদের দাবি। তবে বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে উত্তেজনা ও অস্বস্তি দুই-ই পাল্লা দিয়ে বাড়ছে।

