‘সীমান্তপারের জঙ্গি নজরদারি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বড় চ্যালেঞ্জ’, ফেসবুকে তোপ পার্থ চট্টোপাধ্যায়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করার পেছনে থাকা জইশ-ই-মহম্মদ অনুগামী জঙ্গি হামিম মণ্ডলকে সম্প্রতি গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF) ও বর্ধমান পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম গত কয়েক মাস ধরে বর্ধমানে থেকে পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশমতো কাজ করছিল। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্ক এবং ‘সাজ্জাদ ভাট’ গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল। জইশের নির্দেশে সে মুখ্যমন্ত্রীর চলাফেরা, কর্মসূচি ও নিরাপত্তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছিল বলে এসটিএফের তদন্তে উঠে এসেছে।
এই ঘটনার জল গড়িয়েছে রাজনৈতিক অলিন্দেও। দল থেকে অপসারিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার ফেসবুকে এক দীর্ঘ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন:
“হামিম মণ্ডলের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি সীমান্তপারের জঙ্গি নেটওয়ার্ক, ডিজিটাল র্যাডিক্যালাইজেশন এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক এক চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুরক্ষায় কোনো খামতি রাখা চলবে না। মৌলবাদী শক্তির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর পার্থ চট্টোপাধ্যায়ের এভাবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানো এবং সীমান্তপারের নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়া অত্যন্ত অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।
