সীমান্তে ফের উত্তাপ: কুষ্টিয়ায় BSF-এর গুলিতে জখম বাংলাদেশি, পাল্টা হামলায় জখম ভারতীয় কৃষক – এবেলা

সীমান্তে ফের উত্তাপ: কুষ্টিয়ায় BSF-এর গুলিতে জখম বাংলাদেশি, পাল্টা হামলায় জখম ভারতীয় কৃষক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত অতিক্রমকে কেন্দ্র করে ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তবর্তী এলাকায়। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) গুলিতে সাহাজুল (৪০) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ জামালপুর বিওপি (BOP) সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে ঢুকে পড়েছিলেন সাহাজুল। অভিযোগ, সেখানে ঘাস কাটার সময় ১৪৬ BSF ব্যাটালিয়নের ‘নার্সারি পাড়া’ ক্যাম্পের টহলদার জওয়ানরা তাঁকে লক্ষ্য করে ছররা গুলি চালান। এতে সাহাজুলের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একাধিক জায়গায় আঘাত লাগে।

এই ঘটনার পরেই সীমান্তে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর চাউর হতেই ক্ষোভের জেরে বিদ্বান বিশ্বাস নামে এক ভারতীয় কৃষকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পাশাপাশি, কাজল ঘোষ নামের আরও এক ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) হাতে তুলে দেন।

উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেই সংশ্লিষ্ট এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে। সীমান্তে BSF জওয়ানরা কড়া নজরদারি বজায় রেখেছেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি-র পক্ষ থেকেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *