লেটেস্ট নিউজ

সুকান্ত মজুমদারকে রাজীব কুমারের আইনি নোটিস, সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি

বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন রাজ্যের প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজি) রাজীব কুমার। সম্প্রতি একটি ভিডিওতে প্রাক্তন ডিজির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দুর্নীতির অভিযোগ তোলায় এই আইনি নোটিস পাঠানো হয়েছে। রাজীব কুমারের আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায়ের দাবি, পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দিয়ে তাঁর মক্কেলের ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে।

আইনি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিডিওটি ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ সমস্ত জনপরিসর থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। ভিডিওটিতে রাজীব কুমারকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘দালাল’ বলে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই মানহানিকর প্রচারের মাধ্যমে জনসমক্ষে তাঁর সম্মানহানি ঘটানো হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। সাত দিনের মধ্যে সুকান্ত মজুমদার নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।

গত ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসর গ্রহণের পর সুকান্ত মজুমদার ‘দিদি তেরা ডিজি দিওয়ানা’ গান গেয়ে তাঁকে কটাক্ষ করেছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি ছিল, অবসরের পরেও মুখ্যমন্ত্রী তাঁকে পদ ছাড়তে দিচ্ছেন না। মূলত এই রাজনৈতিক মন্তব্য এবং ভিডিওটিকে কেন্দ্র করেই আইনি লড়াই শুরু হয়েছে। প্রাক্তন ডিজির পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *