লেটেস্ট নিউজ

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা, পরবর্তী শুনানি ১৮ মার্চ

আইপ্যাক (I-PAC) মামলার শুনানি সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল। বুধবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর পক্ষ থেকে জানানো হয় যে, তারা আজই মামলার রিজয়েন্ডার জমা দেবে। এর ফলে আদালত এদিন শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং আগামী ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করে। কেন্দ্রের অনুরোধে হোলির ছুটির পর এই দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কয়লা পাচার মামলার তদন্তে কলকাতায় আইপ্যাকের অফিসে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে এই আইনি লড়াই শুরু হয়। ইডির অভিযোগ, তদন্তে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের আইনজীবী কপিল সিবাল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, ভিডিও রেকর্ডিং খতিয়ে দেখলেই সত্যতা প্রমাণিত হবে এবং কোনো বেআইনি হস্তক্ষেপ করা হয়নি।

গত ১০ ফেব্রুয়ারি আইনজীবী অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছিল। ১৮ মার্চ শুনানি সম্পূর্ণ না হলে তার পরের দিনও বিষয়টি শোনার কথা জানিয়েছে শীর্ষ আদালত। রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই মামলায় ইডি ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত এখন আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুপক্ষের সওয়াল-জবাবের পর আদালত কী রায় দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *