সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, খারিজ শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলা! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 28, 20262:12 pm
কলকাতা: দলত্যাগ বিরোধী আইন এবং বিধানসভার স্পিকারের একচ্ছত্র অধিকার সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল শাসকশিবির। সোমবার শীর্ষ আদালত রাজ্যের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলাটি এক লহমায় খারিজ করে দিয়েছে। এর পাশাপাশি, ১০ জন বিধায়কের বিরুদ্ধে জমা পড়া বরখাস্তকরণ (Disqualification) পিটিশনের দ্রুত নিষ্পত্তির বিষয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে স্পষ্ট সময়সীমা স্মরণ করিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
ঠিক কী নির্দেশ দিল শীর্ষ আদালত? সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই হাই-প্রোফাইল মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, গত ৮ জুলাই মোট ১০ জন বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। নিয়ম অনুযায়ী, এমন সংবেদনশীল আর্জির সমাধান নির্দিষ্ট সময়ের মধ্যে করা বাধ্যতামূলক। শুনানির সময় বেঞ্চ কড়া পর্যবেক্ষণ রেখে জানায়, “আশা করি পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার পুরো বিষয়টি সম্পর্কে সচেতন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।” আদালতের এই মন্তব্যের পর আগামী ৮ অক্টোবরের ডেডলাইনের মধ্যে স্পিকার কী পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর রাজনৈতিক শিবিরের।
আইনি ত্রুটি ও নামের বানানেই ভেস্তে গেল মামলা! বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন এবং স্পিকার রথীন্দ্র বসুর অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীনই সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল শাসকদল। প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মামলাটি দায়ের করলেও শুরুতেই তা ধাক্কা খায়। আদালতের নথিতে মামলাটির নম্বর ছিল ‘Diary No. 56820/2026, Sohandeb Chattopadhyay vs. Speaker’। সেখানেই গোল বাঁধে—আবেদনে নামের বানান ভুল থাকায় প্রশ্ন ওঠে, ‘কে এই সোহনদেব? ইনিই কি শোভনদেব নাকি অন্য কেউ?’ প্রাথমিক নথিতে এই মারাত্মক ভুল ও আইনি ত্রুটির জেরেই সোমবার আবেদনটি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত।
