সুরুচি সঙ্ঘে বড় রদবদল: বিশ্বাস ব্রাদার্সের বিদায়, দায়িত্ব নিলেন কে? – এবেলা

সুরুচি সঙ্ঘে বড় রদবদল: বিশ্বাস ব্রাদার্সের বিদায়, দায়িত্ব নিলেন কে? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো সুরুচি সঙ্ঘে ঘটে গেল বড়সড় পালাবদল। দীর্ঘদিনের দাপট কাটিয়ে এই পুজো কমিটি থেকে এবার বাদ পড়লেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। নতুন কমিটি গঠনের মাধ্যমে পুজোর পরিচালনার দায়িত্ব পুরোপুরি বদলে ফেলা হয়েছে।

নতুন দায়িত্বে কারা? পুজোর আর মাত্র তিন মাস বাকি থাকতেই এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। নতুন কমিটিতে সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। এছাড়াও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিজেপি দক্ষিণ জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য সহ দলের একাধিক নেতাকে। অরূপ বা স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিই এই নতুন কমিটিতে জায়গা পাননি।

কী বললেন নতুন সম্পাদক? নতুন কমিটির সম্পাদক সৌরভ শিকদার জানিয়েছেন, আগামী ১৬ তারিখ রথের দিন সুরুচি সঙ্ঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “পুজো আগের মতোই জাঁকজমকপূর্ণভাবে হবে। তবে আগে এটি ‘ভিআইপি কালচার’-এর পুজো ছিল, এখন থেকে এটি প্রকৃত অর্থে একটি ‘সার্বজনীন পুজো’ হবে। এলাকার সাধারণ মানুষ এখন থেকে কোনো ভয় ছাড়াই এই পুজোয় অংশ নিতে পারবেন।”

পিঠটান কেন বিশ্বাস ব্রাদার্সের? দীর্ঘদিন ধরে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো মানেই ছিল অরূপ বিশ্বাসের নাম। বহু মানুষ এই আয়োজনকে সরাসরি তাঁর পুজোর তকমা দিতেন। তবে রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় পুজোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি, সম্প্রতি সুরুচি সঙ্ঘের চারটি জায়গা খালি করার নোটিস আসায় পুজোর আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে নতুন কমিটির ঘোষণার মাধ্যমে সেই আশঙ্কার মেঘ কেটে গেল এবং পুজোর নিরবচ্ছিন্ন আয়োজন নিশ্চিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *