সূর্য ছাড়াই বেঁচে থাকে ‘শয়তানের ফুল’! থাইল্যান্ডে অদ্ভুত উদ্ভিদের সন্ধান – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 202610:33 am
প্রকৃতির রহস্যের যেন কোনো শেষ নেই। সম্প্রতি থাইল্যান্ডের ঘন জঙ্গলে এমন এক উদ্ভিদের খোঁজ মিলেছে, যা বিজ্ঞানীদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। সূর্যালোক ছাড়াই সম্পূর্ণ অন্ধকারে দিব্যি বেঁচে থাকতে পারে এই উদ্ভিদ! থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় থং ফা ফাম জাতীয় উদ্যানে আবিষ্কৃত এই উদ্ভিদের শরীরে নেই কোনো সবুজ পাতা বা ক্লোরোফিল।
বিজ্ঞানীরা এই বিরল নতুন উদ্ভিদের নামকরণ করেছেন ‘থিসমিয়া ডেমনা’ (Thismia Daemona)। এর অস্বাভাবিক গাঢ় রং এবং শিংয়ের মতো অদ্ভুত গঠনের কারণে এটি ‘ডিমন ফ্লাওয়ার’ বা ‘শয়তানের ফুল’ নামে পরিচিতি পেয়েছে। সাধারণ গাছপালা সূর্যালোক, জল ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে সালোকসংশ্লেষের মাধ্যমে নিজেদের খাদ্য প্রস্তুত করলেও, থিসমিয়া ডেমনার ক্ষেত্রে তা পুরোপুরি ব্যতিক্রম।
ক্লোরোফিল না থাকায় এরা সূর্য থেকে খাদ্য তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য এই উদ্ভিদটি মাটির নিচে থাকা বিশেষ কিছু ছত্রাকের ওপর নির্ভর করে। ছত্রাকের সাথে এক অনন্য সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে এরা মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি শুষে নেয়। অর্থাৎ, সূর্যের আলো নয়—মাটির নিচের অন্ধকার জগতেই লুকিয়ে রয়েছে এদের জীবনধারণের মূল চাবিকাঠি।
উদ্ভিদবিজ্ঞানীদের মতে, থিসমিয়া গোত্রের ফুলগুলোকে অনেক সময় ‘ফেয়ারি ল্যান্টার্নস’ বলেও ডাকা হয়। বিশ্বজুড়ে এই গোত্রের ৫০টিরও কম প্রজাতির অস্তিত্বের কথা জানা গেছে। জঙ্গলে পড়ে থাকা ঝরা পাতার নিচে লুকিয়ে থাকায় ফুল ফোটার আগে এদের চেনা প্রায় আসাম্ভব। থিসমিয়া ডেমনার এই আবিষ্কার উদ্ভিদের বিবর্তন এবং বেঁচে থাকার চমকপ্রদ কৌশল গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।
