লেটেস্ট নিউজ

সূর্যের তীব্র অগ্নিশিখা নিয়ে ইসরোর সতর্কতা, পৃথিবীতে রেডিয়ো ব্ল্যাকআউটের আশঙ্কা

সূর্যের উপরিভাগে সৃষ্ট শক্তিশালী চৌম্বকীয় বিস্ফোরণের ফলে মহাকাশে তীব্র সৌর শিখা বা ‘সোলার ফ্লেয়ার’ ছড়িয়ে পড়ছে, যা পৃথিবীর দিকে ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন সংস্থা নাসা এই বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে। বিশেষ করে সূর্যের ‘অ্যাকটিভ রিজিয়ন ১৪৩৬৬’ নামক অংশটি বর্তমানে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। ১ এবং ২ ফেব্রুয়ারি উৎপন্ন হওয়া এই শিখাটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ইসরোর টেলিমেট্রি ও ট্র্যাকিং নেটওয়ার্কের (ইসট্র্যাক) ডিরেক্টর অনিল কুমার জানিয়েছেন, এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীতে ‘রেডিয়ো ব্ল্যাকআউট’ পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়া, টেলিভিশন সিগন্যালে গোলমাল এবং বিদ্যুৎ সংযোগ বা পাওয়ার গ্রিডে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমনকি সমুদ্রে জাহাজ চলাচলের ক্ষেত্রে নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থাও সাময়িকভাবে স্তব্ধ হয়ে যেতে পারে। উচ্চ কম্পনযুক্ত রেডিও তরঙ্গে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

পরিস্থিতি মোকাবিলায় ভারত তার সৌরযান ‘আদিত্য এল-১’ এর মাধ্যমে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে। সৌরঝড়ের গতিপ্রকৃতি বুঝতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ইসরো ইতিমধ্যে ৫০টি উপগ্রহকে প্রস্তুত রেখেছে। বিজ্ঞানীদের মতে, প্রতি ১১ বছর অন্তর সূর্যের এই অস্থিরতা স্বাভাবিক হলেও এবারের তীব্রতা উদ্বেগজনক। তবে মানবশরীরে সরাসরি কোনো ক্ষতি না হলেও বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বিশ্বব্যাপী প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থায় বড়সড় চ্যালেঞ্জ আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *