সেচে জঙ্গলমহলের অভাবনীয় সাফল্য, কীভাবে উপকৃত হলেন ২ লক্ষাধিক কৃষক – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের লাল মাটির জেলাগুলিতে জলসংরক্ষণ এবং সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে। ‘প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা ২.০’-এর আওতায় বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রায় ১ লক্ষ ২৯ হাজার হেক্টর এলাকায় চলছে জলসংরক্ষণের কাজ। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রকল্পে ইতিমধ্যে প্রায় ২ লক্ষ ২৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াটারশেড ডেভলপমেন্ট এজেন্সির তত্ত্বাবধানে এই সাফল্য অর্জিত হয়েছে এবং প্রকল্পের আগামী পর্বে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমানকেও যুক্ত করার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের জন্য বরাদ্দ ৩৫০ কোটি ৬০ লক্ষ টাকার মধ্যে প্রায় ৭৭ শতাংশ অর্থ ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে সফলভাবে খরচ করা হয়েছে। এর অধীনে নতুন ৫০০টি কৃষি পুকুর খননের পাশাপাশি পুরনো জলাশয় সংস্কার, প্রায় সাড়ে পাঁচ হাজার সেচ নালা ও চেক ড্যাম তৈরি এবং ২২ হাজার হেক্টরেরও বেশি জমিতে নতুন সেচ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। শুধু জলসংরক্ষণই নয়, গ্রামীণ অর্থনীতি জোরদার করতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ, কৃষি সরঞ্জাম, মৎস্যচাষ ও উদ্যানপালনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জীবিকা অর্জনে বড় ভূমিকা রাখছে।
