সেপটিক ট্যাঙ্কে মৃত্যুমিছিল নিয়ে লোকসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিগত ৭ বছরে দেশে প্রাণ হারিয়েছেন ৬২২ জন সাফাই কর্মী। গত মঙ্গলবার লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরীর প্রশ্নের জবাবে এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। সরকারি তথ্য অনুযায়ী, মৃত্যুর তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ (৮৬), মহারাষ্ট্র (৮২) ও তামিলনাড়ু (৭৭)।
ক্ষতিপূরণের ক্ষেত্রেও বঞ্চনার ছবি স্পষ্ট। মোট ৫৩৯টি পরিবার পূর্ণ সাহায্য পেলেও ৫২টি পরিবার এখনও কোনও আর্থিক সাহায্য পায়নি। সাফাই কাজকে সরকার ‘পেশাভিত্তিক’ তকমা দিলেও রাজ্যগুলো থেকে সুরক্ষা সরঞ্জাম ও মজুরি সংক্রান্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে।
কেন্দ্রের দাবি অনুযায়ী ২০১৩ সালের আইন মোতাবেক বর্তমানে দেশে আর হাতে নোংরা পরিষ্কারের প্রথা নেই। যদিও ‘দলিত আদিবাসী শক্তি অধিকার মঞ্চ’ (DASAM) দাবি করেছে, ২০২৪ ও ২০২৫ সালেই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের কারণে ২৭৪ জন কর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে সরকার ‘নমস্তে’ প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনের কাজ চালাচ্ছে বলে সংসদে জানানো হয়েছে।

