‘সেবাশ্রয়’-এ চিকিৎসা করিয়ে পা হারালেন গৃহবধূ! তলব স্বাস্থ্যভবনে, চাপে অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে চিকিৎসা করাতে গিয়ে ডান পা হারানোর অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অভিযোগকারিণী মালতী বিশ্বাস ও তাঁর পরিবারকে সমস্ত নথিপত্রসহ সোমবার দুপুরে স্বাস্থ্যভবনে তলব করেছেন মন্ত্রী।
অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে চালু হওয়া এই স্বাস্থ্যশিবিরে চিকিৎসা করানোর পরেই মালতী বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত তাঁকে পা হারাতে হয়। এই অমানবিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বিজেপির দাবি, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মালতী বিশ্বাসের সঙ্গে ফোনে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তাঁকে সব নথি নিয়ে স্বাস্থ্যভবনে দেখা করতে বলেছেন।
বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই ওই গৃহবধূ আজীবন পঙ্গু হয়ে গেলেন। সরকার এই ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে এবং আক্রান্ত পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, রবীন্দ্রনগর থানায় সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্র এবং কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পালটা প্রতিক্রিয়ায় তৃণমূলের (কালীঘাট) জেলা সভাপতি আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, পুরো বিষয়টি না জেনে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তাঁর প্রশ্ন, ওই মহিলা সত্যিই কি শুধুমাত্র সেবাশ্রয়ে চিকিৎসা করিয়েই পঙ্গু হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তৃণমূল নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভিত্তিহীন অভিযোগ তুলছে বিজেপি। তারা দাবি করেছে, এই সমস্ত অপপ্রচারের জবাব আইনি পথেই দেওয়া হবে।
প্রসঙ্গত, অতীতেও ‘সেবাশ্রয়’-এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও সরকারি প্রশাসনের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে এই স্বাস্থ্য কর্মসূচি নিয়ে শুরু হওয়া আইনি লড়াই রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।
