সোনিয়া গান্ধীর অসুস্থতা ও কেরলের নার্সের সেই বিশেষ কাজ যা ছুঁয়ে গেল রাহুল গান্ধীর মন – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরলে বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী। মায়ের অসুস্থতার কারণে নির্বাচনী প্রচার ছেড়ে সারারাত হাসপাতালের ছোট্ট সোফায় কাটিয়েছেন রাহুল গান্ধী। তবে সেই কঠিন সময়ে তার দুশ্চিন্তা দূর করেছিলেন এক মালয়ালি নার্স।
বুধবার কেরলের এক নির্বাচনী কর্মসূচিতে অনলাইনে যুক্ত হয়ে রাহুল গান্ধী শেয়ার করেন সেই আবেগঘন মুহূর্ত। তিনি জানান, হাসপাতালে যখন তিনি মায়ের স্বাস্থ্যের জন্য চরম উদ্বিগ্ন ছিলেন, তখন প্রতি এক ঘণ্টা অন্তর এক নার্স এসে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে আশ্বস্ত করতেন।
রাহুল বলেন, “গভীর রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন কেরলের এই মেয়েরা দিল্লি থেকে শুরু করে সারা বিশ্বে মানুষের সেবা করে চলেছেন। তাদের কাছে রোগীর ধর্ম, জাত বা আর্থিক পরিচয় কোনো ভেদাভেদ তৈরি করে না। হাসিমুখে সেবা করাই তাদের মূল লক্ষ্য।”
কেরলের এই সেবামূলক মানসিকতাকে ‘ধর্মনিরপেক্ষতার প্রতীক’ হিসেবে বর্ণনা করে রাহুল জানান, কেরলের নার্সরাই সেই রাজ্যের আসল স্পিরিট। মায়ের হাত ধরে রাখা এবং সেই পরম মমতার ছোঁয়াই তাকে কঠিন সময়ে মানসিক শক্তি জুগিয়েছে। নির্বাচনের ময়দানে এই সেবার মানসিকতা ও সম্প্রীতিই কেরলের আসল শক্তি বলে দাবি করেন এই কংগ্রেস নেতা।

