লেটেস্ট নিউজ

সোফি শাইনের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান তার দীর্ঘদিনের প্রেমিকা সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি পেশায় একজন প্রোডাক্ট কনসালট্যান্ট এবং বর্তমানে একটি মার্কিন আর্থিক পরিষেবা সংস্থায় কর্মরত। গত বছর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে দুজনকে একসঙ্গে দেখার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। সম্প্রতি ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চহাল সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতির ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

বিয়ের অনুষ্ঠানে সোফিকে ঐতিহ্যবাহী লাল ও সোনালি লেহেঙ্গায় একেবারে খাঁটি ভারতীয় কনের সাজে দেখা গেছে। উত্তর ভারতীয় রীতিনীতি মেনে ‘কালিরা’ ও ‘মাংটিকা’ পরে আধুনিক ও সনাতনী সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন ফুটিয়ে তোলেন তিনি। এই তারকা জুটির সঙ্গীত ও গায়ের হলুদের অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সোফি ও শিখরের এই নতুন পথচলাকে কেন্দ্র করে ক্রীড়ামহলে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

এটি শিখর ধাওয়ানের দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালে প্রথম স্ত্রী আয়েশা মুখার্জীর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে তার। বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি ওপেনার। বিশেষ করে একমাত্র ছেলের থেকে দূরে থাকা নিয়ে তাকে আইনি লড়াই ও মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছিল। সমস্ত তিক্ততা কাটিয়ে সোফির হাত ধরে শিখর এখন নতুন করে ঘর বাঁধলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *