সোমবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, নথি যাচাই করবেন বিচারকেরা
সুপ্রিম কোর্টের নির্দেশে থমকে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে। তথ্যগত অসঙ্গতি দূর করতে এবার নথি যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকরা। রবিবার প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এক ভার্চুয়াল বৈঠকে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের কাজের পদ্ধতি ও নির্দেশিকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়া নজরদারির জন্য প্রতিটি জেলায় জেলা বিচারক, জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিধানসভা-ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিচারকেরা কমিশনের পোর্টালে নির্দিষ্ট লগ-ইন আইডি ব্যবহার করে বুথ-ভিত্তিক ভোটার তালিকা ও সংশ্লিষ্ট নথি পরীক্ষা করবেন। প্রতিটি ভোটারের তথ্য যাচাইয়ের পর তা ‘গৃহীত’ না কি ‘বাতিল’, সে বিষয়ে বিচারকরা তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাবেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের দিন ধার্য থাকায় দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সময়স্বল্পতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই আগামী ৯ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বিচারকের ছুটি বাতিল করেছে হাই কোর্ট। রবিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, ডিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্বচ্ছতা বজায় রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ পালনই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

