সোমবার বাংলায় বিজেপির প্রথম পূর্ণাঙ্গ বাজেট! কর্মসংস্থান ও শিল্পের আশায় বুক বাঁধছে বঙ্গবাসী – এবেলা

সোমবার বাংলায় বিজেপির প্রথম পূর্ণাঙ্গ বাজেট! কর্মসংস্থান ও শিল্পের আশায় বুক বাঁধছে বঙ্গবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: স্বাধীনতার পর বাংলায় প্রথমবার ক্ষমতায় এসে ইতিহাস গড়েছে বিজেপি। বিপুল জনাদেশ নিয়ে মসনদে বসার পর, সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যে পদ্ম শিবিরের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। নতুন সরকারের এই বাজেট ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ও প্রত্যাশা এখন তুঙ্গে।

কখন পেশ হবে বাজেট?

সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসবে। সেখানে বাজেট নিয়ে আলোচনার পর তা মন্ত্রিসভায় পাস হবে। এরপর দুপুর ১২টায় বিধানসভায় এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

বাজেট ঘিরে আমজনতার মূল প্রত্যাশা:

  • কর্মসংস্থান ও শিল্প: বিগত ১৫ বছরের তৃণমূল আমলে রাজ্যে বেকারত্ব তীব্র আকার ধারণ করেছে, কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছেন বহু যুবক। এই মরা গাঙে নতুন সরকার কীভাবে শিল্পের জোয়ার আনে এবং কর্মসংস্থানের কী দিশা দেখায়, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থী থেকে শুরু করে আমজনতা।
  • সামাজিক প্রকল্প: কেন্দ্রের জনপ্রিয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’, ‘অন্নপূর্ণা যোজনা’-র মতো সামাজিক প্রকল্পগুলিতে রাজ্যে বরাদ্দ কতটা বাড়ে, তা নিয়ে আগ্রহ রয়েছে মানুষের।
  • পরিকাঠামো ও স্বাস্থ্য: স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনও ঘোষণা, কিংবা নতুন রাস্তা ও উড়ালপুল তৈরির মতো পরিকাঠামোগত উন্নয়নের রূপরেখাও বাজেটে দেখতে চাইছে রাজ্যবাসী।

করের বোঝা না চাপিয়েই উন্নয়নের লক্ষ্য:

পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামলে নতুন সরকার কীভাবে অর্থনীতির হাল ধরবে, তা নিয়ে কৌতূহল রয়েছে বিশেষজ্ঞ মহলেও। তবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগেই আশ্বস্ত করে জানিয়েছেন, সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা না চাপিয়েই রাজ্যের আয় বাড়ানোর পথে হাঁটবে সরকার।

বাজেট প্রস্তুতিতে ‘ডবল ইঞ্জিন’ চমক:

রাজ্যের বাজেটকে ত্রুটিহীন ও বাস্তবমুখী করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন স্বপন দাশগুপ্ত। পরামর্শ নিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির থেকেও। বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবি, এই বাজেট হবে সম্পূর্ণ ‘সর্বমুখী’। রাজ্যের কোনও শ্রেণির মানুষই এই বাজেটের সুফল থেকে বঞ্চিত হবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *