লেটেস্ট নিউজ

সোমবারই প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, ঘাসফুল শিবিরের প্রার্থীদের ভাগ্য ঘিরে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী সোমবার, ২৩ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সংশোধনী প্রক্রিয়ার শেষে প্রায় ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন রাখা হয়েছিল, যার মধ্যে বিচারবিভাগীয় আধিকারিকদের অনুমোদিত নামগুলিই এই তালিকায় স্থান পাবে। তবে নথিপত্র আপলোডে ত্রুটির কারণে অনেক বিদায়ী বিধায়ক ও প্রার্থীর নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কমিশন জানিয়েছে, মন্ত্রী শশী পাঁজার নাম চূড়ান্ত তালিকায় থাকছে, ফলে তাঁর প্রার্থী হওয়া নিয়ে কোনও আইনি জটিলতা নেই।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কায় কমিশনকে তীব্র আক্রমণ করেছেন। নিয়ম অনুযায়ী, নতুন করে নথি জমা দেওয়ার সুযোগ না থাকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তবে মনোনয়ন পেশের শেষ তারিখের আগে সেই প্রক্রিয়ার নিষ্পত্তি হওয়া কঠিন বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩০ লক্ষ আবেদনের যাচাই পর্ব শেষ হলেও ঠিক কতজন ভোটাধিকার হারালেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে নবান্ন। বিশেষত স্পর্শকাতর এলাকাগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা ও পুলিশ প্রশাসনকে সমন্বয় রেখে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *