সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ব্লক করার ক্ষমতা বিকেন্দ্রীকরণের পথে কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। বর্তমানে কেবল ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের হাতে পোস্ট ব্লক করার ক্ষমতা থাকলেও, আগামীতে অন্যান্য মন্ত্রককেও এই অধিকার দেওয়ার পরিকল্পনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল এই সংক্রান্ত প্রস্তাব তৈরি করছে।
প্রস্তাবিত এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো ইন্টারনেটে ভুয়ো তথ্য এবং ক্ষতিকারক কন্টেন্ট দ্রুত রুখে দেওয়া। মন্ত্রীর মতে, ব্লকিংয়ের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে ডিপফেক বা বিভ্রান্তিকর পোস্টগুলো দ্রুত শনাক্ত ও অপসারণ করা সহজ হবে। আইটি অ্যাক্ট সংশোধন না করেই কীভাবে প্রতিটি মন্ত্রককে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া যায়, সরকার এখন সেই পথই খুঁজছে।
তবে সরকারের এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। সমালোচকদের মতে, প্রশাসনিক জটিলতা এড়িয়ে সরাসরি পোস্ট মোছার ক্ষমতা বিভিন্ন মন্ত্রকের হাতে গেলে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হতে পারে। বিশেষ করে নির্বাচনের মুখে সরকারি সমালোচনামূলক পোস্টগুলো ‘ক্ষতিকারক’ তকমা দিয়ে ব্লক করা হবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

