সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকতে পুলিশকর্মীদের কড়া নির্দেশিকা লালবাজারের
কলকাতা পুলিশের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও জনমানসে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বাহিনীর আধিকারিক ও কর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। নতুন এই নিয়ম অনুযায়ী, সমাজমাধ্যমে কোনও পোস্ট করার ক্ষেত্রে পুলিশকর্মীদের অত্যন্ত সংযত ও নিরপেক্ষ থাকতে হবে। বিশেষ করে ধর্মীয়, রাজনৈতিক বা সরকারি নীতি নির্ধারণী বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ডিউটিরত অবস্থায় তোলা ভিডিও বা ছবি, সরকারি গাড়ি, উর্দি কিংবা পদমর্যাদার প্রতীক ব্যবহার করে কোনো ‘শো-পিস’ তৈরি করা যাবে না। এছাড়া, তদন্তাধীন মামলার গোপন নথি বা স্পর্শকাতর অভিযানের তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা কঠোরভাবে নিষিদ্ধ। উচ্চপদস্থ আধিকারিক বা সহকর্মীদের নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি মেল আইডি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, সমাজমাধ্যমে পুলিশকর্মীদের আচরণ যেন সর্বদা তথ্যনিষ্ঠ ও পেশাদার হয়। বাহিনীর সম্মান বজায় রাখতে ভাষা ও পোশাক ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে জরুরি বা গুরুতর কোনো ঘটনার ক্ষেত্রে দাফতরিক কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগ থাকছে। নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

