স্কুলে স্কুলে আর্থিক সুরক্ষার পাঠ! ছাত্রছাত্রীদের হাত ধরে ঘরে ঘরে পৌঁছবে জীবন বিমার বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
ছোটবেলা থেকেই আর্থিক সচেতনতা তৈরি করতে এবং জীবন বিমার গুরুত্ব বোঝাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)-এর উদ্যোগে এবং স্কুল শিক্ষা দপ্তরের সহযোগিতায় কলকাতার সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড মাধ্যমিক স্কুলে শুরু হতে চলেছে বিশেষ সচেতনতা শিবির। ‘হর ঘর বিমা’ স্লোগানকে সামনে রেখে এই প্রচার অভিযান পরিচালনার জন্য সম্প্রতি জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয় থেকে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।
এলআইসি-র কলকাতা শাখার আবেদনের ভিত্তিতে এবং স্কুল শিক্ষা দপ্তরের উচ্চপর্যায়ের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রশাসকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচিটি সফল করার অনুরোধ জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটি পরিবারে সঞ্চয় ও জীবন সুরক্ষার এই বার্তা পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। খুব শীঘ্রই কলকাতার স্কুলগুলিতে এই শিবিরগুলি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানা গিয়েছে।
