স্টেট ব্যাঙ্কে বাল্ক ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, নয়া নিয়ম কার্যকর – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নির্দিষ্ট কিছু মেয়াদের বাল্ক ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের আমানতের ক্ষেত্রে এই বর্ধিত সুদের হার প্রযোজ্য হবে। সংশোধিত এই নিয়ম গত ১৫ মার্চ ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ পর্যন্ত সুদ বাড়ানো হয়েছে। বিশেষত ৪৬ দিন থেকে শুরু করে ২ বছরের কম সময়ের বাল্ক আমানতে গ্রাহকরা এখন আগের তুলনায় বেশি রিটার্ন পাবেন। তবে ৭ থেকে ৪৫ দিনের স্বল্পমেয়াদি এবং ২ বছরের বেশি দীর্ঘমেয়াদি আমানতের ক্ষেত্রে সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি।
এই সুবিধা শুধুমাত্র নতুন আমানত এবং ম্যাচিওর হওয়া ডিপোজিট রিনিউয়ালের ক্ষেত্রেই পাওয়া যাবে। সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও এই বর্ধিত হারের সুবিধা পাবেন। উল্লেখ্য, ৩ কোটির কম অঙ্কের রিটেল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। বাল্ক আমানত অকাল প্রত্যাহারের ক্ষেত্রে এক শতাংশ পেনাল্টি কার্যকর থাকবে।

