স্টেশনে উচ্ছেদের জের, ধ্বংসস্তূপে ঢেকে ভাগাড়ের চেহারা নিল হাওড়া বাস টার্মিনাল! – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
হাওড়া স্টেশন চত্বর হকারমুক্ত হয়ে শ্রী ফিরলেও, উল্টো চিত্র হাওড়া বাস টার্মিনাসে। উচ্ছেদ হওয়া দোকানপাটের ভগ্নাবশেষ—ভাঙা কাঠ, চেয়ার-টেবিল ও ছেঁড়া পলিথিন স্তূপাকার করে রাখায় টার্মিনাসটি এখন রীতিমতো ভাগাড়ের রূপ নিয়েছে। জানা গিয়েছে, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের একাংশ ফের ব্যবসা শুরুর আশায় নিজেদের জিনিসপত্র বাসস্ট্যান্ডের ফুটপাতেই জমিয়ে রেখেছেন।
এমনিতেই যাত্রী শেড মেরামতির কারণে বাসস্ট্যান্ডের পরিসর অনেকটাই কমে গিয়েছে। তার ওপর এই বিপুল আবর্জনার জেরে যাত্রীদের দাঁড়ানোর সামান্য জায়গাটুকুও অবশিষ্ট নেই। প্রতিদিন অসংখ্য লোকাল, দূরপাল্লার বাস ও অটো চলাচল করা এই টার্মিনালে এখন চরম বিশৃঙ্খলা। বাধ্য হয়ে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তার ওপরই দাঁড়াতে হচ্ছে, যার ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
