স্তন ক্যানসার শনাক্ত করতে বিজ্ঞানের নতুন চমক এআই ম্যামোগ্রাম – এবেলা
এবেলা ডেস্কঃ
মারণ রোগ স্তন ক্যানসারকে প্রাথমিক স্তরেই নির্মূল করতে বিজ্ঞানীরা নিয়ে এলেন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উন্নত ম্যামোগ্রাম প্রযুক্তি। ‘দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে, এই বিশেষ এক্স-রে যন্ত্রটি অতি ক্ষুদ্র টিউমারও শনাক্ত করতে সক্ষম। ৪০ বছরের বেশি বয়সী লক্ষাধিক মহিলার ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রায় ৮১ শতাংশ ক্ষেত্রে ক্যানসার একেবারে গোড়াতেই ধরা পড়ছে, যা চিকিৎসার ক্ষেত্রে এক বিশাল সাফল্য।
প্রথাগত ম্যামোগ্রাফির তুলনায় এই এআই প্রযুক্তি অনেক বেশি নির্ভুলভাবে ক্যানসার কোষ ও সুস্থ কোষের পার্থক্য করতে পারে। এটি প্রতিটি রিপোর্ট বিশ্লেষণ করে রিস্ক স্কোর প্রদান করে, যা থেকে আগাম ঝুঁকির সম্ভাবনা বোঝা যায়। এমনকি ১.৪ মিলিমিটারের কম আয়তনের সূক্ষ্ম টিউমারও এই পদ্ধতিতে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এই আধুনিক স্ক্রিনিং ব্যবস্থার ফলে এখন থেকে স্তন ক্যানসারের ঝুঁকি কমানো এবং সঠিক সময়ে নিরাময় পাওয়া অনেক সহজ হবে।

