স্ত্রীর হাত নিজেই তুলে দিলেন প্রেমিকের হাতে! স্বামীর এই সিদ্ধান্তের পেছনে কী গল্প? – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিয়া কালিতলা এলাকায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গ্রামবাসী। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের টানাপোড়েন কাটিয়ে নিজের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সীমা মাঝি। সিনেমার চিত্রনাট্যকে হার মানিয়ে এই বিয়েতে স্বয়ং উপস্থিত থেকে তদারকি করেন সীমার প্রাক্তন স্বামী রাজেন বিত্ত। হাসিমুখে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে রাজেন বলেন, “যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না, ওরা সুখে থাকুক।”
জানা গিয়েছে, রাজেন ও সীমার পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং মানসিক ও শারীরিক তিক্ততা তাঁদের সম্পর্ককে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতেই শ্রীকান্ত নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা। নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চিত করতে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। শ্রীকান্তও তাঁর পূর্বের দাম্পত্য কলহ মিটিয়ে সীমার সঙ্গে নতুন করে সংসার পাতার অঙ্গীকার করেন।
এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও সীমার বাবা ও স্থানীয় পঞ্চায়েত সদস্য একে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। প্রাক্তন স্বামীর ঘর ছেড়ে সীমা এখন তাঁর সন্তানের দায়িত্ব নিয়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। তবে সম্পর্কের এই আইনি ও সামাজিক রদবদলের মাঝে পাঁচ বছরের শিশুটির ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

