স্নান করতে গিয়ে আর ফিরলেন না তরুণী, কালিয়াচকে উদ্ধারকাজে নামল রেসকিউ টিম – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার কালিয়াচকে পুকুরে স্নান করতে নেমে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন এক তরুণী। নিখোঁজ যুবতীর নাম সেরিনা খাতুন (২০)। শনিবার দুপুরে কালিয়াচক থানার বালিয়াডাঙা আসির হাজিপাড়া এলাকার একটি পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ প্রতিদিনের মতোই বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন সেরিনা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরিবারের লোকেরা পুকুরপাড়ে গিয়ে দেখতে পান সেরিনার জামাকাপড় পড়ে রয়েছে, কিন্তু আশপাশে তাঁর কোনো হদিস নেই। সাম্প্রতিক বৃষ্টির ফলে পুকুরটি জলে কানায় কানায় পূর্ণ ছিল। জলের গভীরতা বেশি থাকায় স্নানের সময় অসাবধানতাবশত তিনি তলিয়ে গিয়েছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা একযোগে পুকুরে তল্লাশি শুরু করেন। উদ্ধারকাজে গতি আনতে এলাকার অভিজ্ঞ জেলেদের নামানো হয়। পাশাপাশি ‘সেলফ ডিফেন্স রেসকিউ টিম’-কেও খবর দেওয়া হয়েছে। তবে শনিবার সন্ধে পর্যন্ত নিখোঁজ তরুণীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
