স্বরূপনগর সীমান্তে বিএসএফের অভিযানে গ্রেফতার দালালসহ বাংলাদেশী মহিলা ও গাঁজা পাচারকারী

স্বরূপনগর সীমান্তে বিএসএফের অভিযানে গ্রেফতার দালালসহ বাংলাদেশী মহিলা ও গাঁজা পাচারকারী

সীমান্তে কড়া নজরদারির মধ্যেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশী মহিলা ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় সন্দেহভাজন গতিবিধি দেখে তাদের আটক করেন। ধৃত মহিলার নাম মোছাম্মদ ফাতেমা তুজ জোহরা, যার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার সঙ্গে থাকা ভারতীয় দালাল কবিরুল হোসেন মন্ডল বনগাঁর গোপালনগর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিএসএফ তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। ঠিক কী উদ্দেশ্যে ওই মহিলা অনুপ্রবেশ করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতেও বড়সড় সাফল্য পেয়েছে প্রশাসন। পৃথক অভিযানে ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ শ্মশান বটতলা সংলগ্ন এলাকা থেকে কবীর সর্দার নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতে-নাতে ধরে। অন্যদিকে, বিএসএফ জওয়ানরা হাকিমপুর চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে কার্তিক চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেন, যে মিষ্টির হাঁড়ির ভেতরে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা করছিল।

নির্বাচনের প্রাক্কালে সীমান্ত সুরক্ষায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর অনুপ্রবেশের ঘটনায় সাময়িক ভাটা পড়লেও, বিধানসভা নির্বাচনের মুখে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে পাচারকারী ও অনুপ্রবেশকারীরা। এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে টহলদারি বৃদ্ধি করেছে। ধৃত চার অভিযুক্তকেই বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং পাচার চক্রের শিকড় অবধি পৌঁছাতে মূল অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *