স্বাতন্ত্র্যের ১০০ দিনে ঐতিহাসিক চমক! পুরুলিয়ায় ৪০০০ কোটির শিল্প নিয়ে মাস্টারস্ট্রোক সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের ১০০ দিন পালনের আবহে পশ্চিমবঙ্গের শিল্পচিত্রে যুক্ত হলো এক নয়া অধ্যায়। পুরুলিয়ার রঘুনাথপুরে ৪ হাজার কোটি টাকার ‘ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্ট’-এর শিলান্যাস ও ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত মেটালিকস লিমিটেডের এই বৃহৎ ইস্পাত প্রকল্পকে সরকারের ১০০ দিনের বিশেষ ‘উপহার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাবেক রাজ্য সরকারগুলোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, ধ্বংসাত্মক ট্রেড ইউনিয়ন রাজনীতি এবং শিল্পহীনতার দিন এখন অতীত। কৃষকদের স্বার্থ রক্ষা করেই রাজ্য সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবে এবং পরিকল্পিত উপায়ে শিল্পায়ন ঘটাবে। একইসঙ্গে জঙ্গলমহলের যে সমস্ত মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, তাঁদের স্বভূমিতে ফিরে আসার আহ্বান জানিয়ে সেখানে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি।
১৫১ একর জমির ওপর নির্মিত এই আধুনিক সমন্বিত কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১২ লক্ষ টন। সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অমিতকুমার সিং জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে, যা স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে। আগামী ৮০০ দিনের মধ্যে কারখানার নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে শিল্পের এক নতুন সম্ভাবনার আশ্বাস দেন।
