লেটেস্ট নিউজ

স্বাধীনতা আন্দোলনে গুজরাটিদের অবদান নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির ‘চার্জশিট’-এর পালটা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের ফায়ারব্র্যান্ড সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনার জবাবে তিনি স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের শ্রেষ্ঠত্ব দাবি করে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, “গুজরাটিরা কোথায় ছিল?”

শনিবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে পালটা চার্জশিট পেশ করার সময় মহুয়া বলেন, “বাঙালি অত্যন্ত স্বাভিমানী জাতি। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। আন্দামানের সেলুলার জেলে বন্দিদের ৬৮ শতাংশই ছিল বাঙালি, এরপরেই ছিল পাঞ্জাবিরা। সেখানে কি কোনো গুজরাটির নাম বলতে পারবেন?” এমনকি তিনি বীর সাভারকরকে কটাক্ষ করে তাঁকে ‘ক্ষমা প্রার্থনাকারী’ হিসেবেও অভিহিত করেন।

মহুয়ার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ তাঁকে মনে করিয়ে দিয়েছেন মহাত্মা গান্ধীর নাম। তাঁরা প্রশ্ন তুলেছেন, মহুয়া কি তবে গান্ধীজির অবদানও অস্বীকার করছেন? অন্যদিকে, এদিন সকালেই মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অমিত শাহ দাবি করেন, বাংলায় তোষণ আর অনুপ্রবেশের রাজনীতি চলছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের পর ৪ মে জানা যাবে বাংলার ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *