স্বাধীনতা দিবসে ঐতিহাসিক মুহূর্ত! মোদীর ভাষণের পরপরই বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (BJP) সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ১৫ অগাস্ট উদযাপন করতে চলেছে রাজ্য। এই বিশেষ দিনে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করবেন শুভেন্দু অধিকারী। কুচকাওয়াজের পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য একাধিক পুলিশ আধিকারিককে সম্মানিত করবেন তিনি। একই সঙ্গে স্বাধীনতা দিবসের এই ঐতিহ্যবাহী মঞ্চ থেকে সমগ্র রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেও জল্পনা তুঙ্গে।
অন্যদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক বিরল ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণ শেষ হওয়ার ঠিক পরপরই দূরদর্শন কলকাতা থেকে দূরদর্শনের মাধ্যমে সরাসরি রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাধীনতা দিবসে দূরদর্শনে বার্তা দিয়েছিলেন। দীর্ঘ সময় পর ফের কোনো মুখ্যমন্ত্রী এই ধারা ফিরিয়ে আনায় এবারের স্বাধীনতা দিবস উদযাপনে যোগ হয়েছে এক নতুন ও বিশেষ তাৎপর্য।
