স্বাধীনতা দিবসে ‘নো মোবাইল, নো সেলফি’! শহরজুড়ে পুলিশের নজরদারি – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে কেন্দ্র করে শহর কলকাতায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ভিভিআইপির উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। সম্প্রতি শহরের উপকণ্ঠ থেকে সন্দেহভাজনদের গ্রেফতারির ঘটনায় গোয়েন্দারা হাই অ্যালার্ট জারি করায় এবার নিরাপত্তায় বিশেষ কড়াকড়ি থাকছে। ডিউটিতে থাকাকালীন পুলিশকর্মীদের মোবাইল ব্যবহার, ছবি বা সেলফি তোলার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দর্শকদের রেড রোডে নামতে না দেওয়ার পাশাপাশি পুলিশকে নিরবচ্ছিন্ন নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সুরক্ষার স্বার্থে পুরো রেড রোড এলাকাকে ১৫টি সেক্টরে ভাগ করে ডিসি পদমর্যাদার আধিকারিকদের হাতে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে। এলাকাটি ৬টি ওয়াচ টাওয়ার ও ১১টি বাঙ্কার দিয়ে মুড়ে ফেলার পাশাপাশি বম্ব স্কোয়াড ও কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হচ্ছে। রেড রোডে ১,৫০০ পুলিশকর্মীর পাশাপাশি সমগ্র শহর জুড়ে অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন করা হবে। সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ ২৩টি পয়েন্টে নাকা চেকিং এবং মেট্রো স্টেশন, ঘিঞ্জি বাজার ও বিভিন্ন ধর্মস্থান মিলিয়ে একাধিক স্পেশাল পিকেট বসিয়ে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
