স্বাস্থ্যসাথীর জালে জালিয়াতি! বর্ধমানের নামী হাসপাতালের বিরুদ্ধে ভুয়ো বিলের গুরুতর অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাস্থ্যসাথী প্রকল্পের অর্থ নয়ছয়, ভুয়ো বিল তৈরি এবং চিকিৎসকদের পরিচয় নিয়ে জালিয়াতির অভিযোগে ফের বিতর্কে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশের একটি বড় বেসরকারি হাসপাতাল। সোমবার সন্ধ্যায় বর্ধমান ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ তুলে ধরে।
সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ কুদরত-উল-আবেদিন জানান, স্বাস্থ্যদপ্তর কর্তৃক অনুমোদিত নন এমন এক চিকিৎসক হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার করছেন, অথচ বিল তৈরি হচ্ছে অন্য তিন চিকিৎসকের নামে। পাশাপাশি, রুশ ডিগ্রিধারী এক চিকিৎসক নিজেকে মেডিসিনের ‘এমডি’ পরিচয় দিয়ে রোগী দেখছেন বলেও অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, সাধারণ জ্বর বা সর্দি-কাশির চিকিৎসাতেও ভুয়ো অপারেশনের নাম দেখিয়ে বাড়ানো হচ্ছে স্বাস্থ্যসাথীর বিল। ৪০-৫০ হাজার টাকার খরচের প্যাকেজ প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত দেখানোর প্রমাণ মিলেছে। ভুক্তভোগী রোগীদের তালিকা ও যাবতীয় তথ্য ইতিমধ্যেই স্বাস্থ্যদপ্তরে জমা দিয়ে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে ক্রেতা সুরক্ষা সংগঠনটি।
