লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের মোটা অঙ্কের ‘ট্রানজিট ফি’ দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর থেকে চড়া হারে মাসুল আদায়ের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারের অনুমতি দিতে জাহাজ প্রতি প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার বা ১৯ কোটি টাকা দাবি করছে তেহরান। ইরানি সংসদের ন্যাশনাল সিকিউরিটি কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দির এক মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বোরুজের্দির মতে, যুদ্ধের খরচ সামাল দিতে এবং ইরানের শক্তি প্রদর্শন করতেই এই ‘ট্রানজিট ফি’ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানকে এভাবে অর্থ প্রদান করা শিপিং সংস্থাগুলোর জন্য বড় আইনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইতিপূর্বে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে সংঘাতের জেরে ইরান এই রুটটি কার্যত বন্ধ রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়েছে।

বিশ্বের মোট খনিজ তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। এই রুটটি দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় এবং নতুন করে বিপুল অর্থ দাবির ফলে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে, যার প্রভাব পড়ছে ভারতের মতো আমদানিকারক দেশগুলোর ওপর। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় নৌসেনা ইতিধ্যেই ওই অঞ্চলে নজরদারি বাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *