হরমুজ প্রণালীতে ভারতের জাহাজ চলাচলে ছাড় ইরানের, স্বস্তিতে বিশ্ব জ্বালানি বাজার – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আবহে এক তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল ইরান। তেহরান ঘোষণা করেছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারত, রাশিয়া, চিন ও পাকিস্তানের মতো ‘বন্ধু’ দেশগুলির বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে। মুম্বইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট জেনারেল নিশ্চিত করেছেন যে, এই দেশগুলির জ্বালানি ও পণ্যবাহী জাহাজগুলো নিরাপদে এই সামুদ্রিক পথ অতিক্রম করতে পারবে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বন্ধু দেশগুলোর জন্য পথ খোলা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং সংঘাতের সঙ্গে যুক্ত নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি করিডর আংশিক সচল হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের জোগান নিয়ে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে বলে মনে করা হচ্ছে।
ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং এলএনজির অর্ধেকের বেশি এই পথেই আমদানি হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রণালী সম্পূর্ণ সচল রাখার আহ্বান জানিয়েছেন, যাতে বিশ্বজুড়ে সার ও খাদ্যশস্য সরবরাহে বিঘ্ন না ঘটে। বর্তমানে এই জলপথ দিয়েই বিশ্বের সিংহভাগ তরল প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল রফতানি করা হয়।

