হরমুজে ডুবে যাওয়া জাহাজ থেকে সাগরে ভাসছে অজস্র আইফোন, চরম ঝুঁকি নিয়ে তা কুড়োতে হুড়োহুড়ি! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইরান-আমেরিকা উত্তেজনার আবহেই রণক্ষেত্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। সম্প্রতি সেখানে মাইন বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলায় ‘জিএফএস প্রাইড’ নামে সিঙ্গাপুরের এক পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছে। দুবাই থেকে আসা এই বাণিজ্যতরীতে প্রায় আড়াই হাজার কন্টেনার ভর্তি ছিল আইফোন ও বিলাসবহুল সুগন্ধি। অগ্নিকাণ্ড ও সলিল সমাধির পর সেই অমূল্য সামগ্রী ভেসে উঠেছে পারস্য উপসাগরের বুকে। জাহাজের ২১ জন কর্মী অলৌকিকভাবে রক্ষা পেলেও সমুদ্রের জলতে ছড়িয়ে পড়া বাক্স কুড়োতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে এক অভূতপূর্ব দৃশ্য। ভাসমান আইফোনের বাক্স ও দামি সুগন্ধি কুড়োতে ছোট ছোট নৌকা নিয়ে মাঝসাগরে ঝাঁপিয়ে পড়ছেন অসংখ্য মানুষ। প্রাণ সংশয়ের ঝুঁকি উপেক্ষা করেই মূল্যবান গ্যাজেট সংগ্রহের এই চরম হুড়োহুড়ি সংবাদের শিরোনামে উঠে এসেছে। যুদ্ধকবলিত অঞ্চলে এমন উন্মাদনা একদিকে যেমন নজর কেড়েছে, অন্যদিকে ওই জলপথের নিরাপত্তার চরম সংকটাপন্ন অবস্থাকেও প্রকাশ্যে এনেছে।
