হরমোজ প্রণালীতে ভারতের জন্য বিশেষ ছাড় দিল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে চলা চরম উত্তেজনার মধ্যেই বড় ঘোষণা করল তেহরান। ভারতের জন্য খুলে দেওয়া হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী। বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন, ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলে আর কোনো বাধা থাকবে না।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নিল ইরান। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমোজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেল এবং সারের সরবরাহে ব্যাপক সংকট তৈরি হয়েছিল। সেই জটিলতা কাটাতেই ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের মতো বন্ধু দেশগুলোকে এই সমুদ্রপথ ব্যবহারের অনুমতি দিল ইরান সরকার। মুম্বইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি নিশ্চিত করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, ভারতের জ্বালানি ও কৃষি খাতের জন্য এটি অত্যন্ত স্বস্তির খবর।

