লেটেস্ট নিউজ

হরিহরপাড়ায় উন্নয়নের খতিয়ান: বিধায়ক তহবিলে অবশিষ্ট মাত্র ৩৫০ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের তহবিলের খরচের হিসাব প্রকাশ করলেন বিধায়ক নিয়ামত শেখ। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিধায়ক তহবিলের প্রায় ১০০ শতাংশ টাকাই জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়েছে। বর্তমানে তহবিলে মাত্র ৩৫০ টাকা অবশিষ্ট রয়েছে বলে বিধায়ক দাবি করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে।

উন্নয়নমূলক কাজের তালিকায় রয়েছে রামকৃষ্ণপুর থেকে জগন্নাথপুর পর্যন্ত ৩০ লক্ষ টাকার কংক্রিট রাস্তা, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে জরুরি পরিষেবা ইউনিট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোরণ নির্মাণ। এছাড়া হরিহরপাড়া থানা ও স্বাস্থ্যকেন্দ্রে সোলার পাওয়ার প্লান্ট ও স্থায়ী শেড তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেচ ও পানীয় জলের সমস্যা সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও বিরোধীরা এই উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।

কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব এই খতিয়ানকে ‘ভাঁওতাবাজি’ বলে কটাক্ষ করেছেন। তাদের অভিযোগ, এলাকায় উন্নয়নের বদলে অসামাজিক কার্যকলাপ ও দুর্নীতির প্রসার ঘটেছে। পাল্টা জবাবে বিধায়ক নিয়ামত শেখ জানিয়েছেন, যাবতীয় কাজের তথ্য জেলা প্রশাসনের কাছে গচ্ছিত রয়েছে। ভোটাররা কাজের নিরিখেই আগামী নির্বাচনে বিচার করবেন বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *