লেটেস্ট নিউজ

হর্ষিত রানার পরিবর্ত ঘোষণা কেকেআরের, নাইট শিবিরে যোগ দিলেন নভদীপ সাইনি – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার হর্ষিত রানা। দীর্ঘ প্রতীক্ষার পর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরকারিভাবে তাঁর পরিবর্তে অভিজ্ঞ ভারতীয় বোলার নভদীপ সাইনির নাম ঘোষণা করেছে। হর্ষিতের অনুপস্থিতিতে নাইটদের পেস বিভাগকে শক্তিশালী করতে সাইনির অভিজ্ঞতাকেই বেছে নিল টিম ম্যানেজমেন্ট।

বেশ কিছুদিন ধরেই কেকেআরের ট্রায়ালে ছিলেন নভদীপ সাইনি। দলের অনুশীলনে এবং প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। রাজস্থান রয়্যালস ও আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই দীর্ঘদেহী পেসার ডেথ ওভারেও বেশ কার্যকর। বৈভব অরোরা, কার্তিক ত্যাগী ও উমরান মালিকদের পাশাপাশি সাইনি এখন নাইটদের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠলেন।

হর্ষিত রানার বিকল্প হিসেবে সন্দীপ ওয়ারিয়র বা আকাশ মাধওয়ালের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সাইনির ওপরই আস্থা রাখল কেকেআর। চোট সারিয়ে এই মরশুমেই আইপিএলে কামব্যাক করছেন তিনি। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে মুম্বই উড়ে গিয়েছেন নভদীপ। নাইট ভক্তরা এখন সাইনির গতি আর বাউন্সারের জাদুতে জয়ের স্বপ্ন দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *