হাঁটার সময় বারবার পা মচকে যাচ্ছে? অবহেলা করলেই বড় বিপদ – এবেলা
এবেলা ডেস্কঃ
সামান্য জোরে হাঁটতে গেলেই কি পা মচকে যাচ্ছে? কিংবা পুরনো চোটের জায়গায় বারবার ফিরে আসছে ব্যথা? আমরা অনেকেই এই ধরনের সমস্যাকে গুরুত্ব দিই না। একটু মলম বা স্প্রে মেখেই ভাবি সব ঠিক হয়ে গেছে। কিন্তু চিকিৎসকদের মতে, এই অবহেলা ভবিষ্যতে গুরুতর আকার নিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ক্রনিক অ্যাঙ্কল ইনস্টেবিলিটি’।
কখন সতর্ক হওয়া জরুরি?
- স্থায়ী ব্যথা: পা মচকানোর ব্যথা সাধারণত কয়েক দিনে সেরে যায়। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে ব্যথা অনুভূত হয়, তবে বুঝতে হবে ভেতরে বড় কোনো সমস্যা রয়েছে।
- ফোলাভাব না কমা: চোটের জায়গায় ফোলাভাব স্বাভাবিক, কিন্তু কয়েক দিন পরেও যদি ফোলা না কমে, তবে তা গভীর ক্ষতের লক্ষণ হতে পারে।
- অস্থিসন্ধির নমনীয়তা হ্রাস: গোড়ালি বা হাঁটুর লিগামেন্টে চোট লাগলে জয়েন্টের নমনীয়তা কমে যায়। আগের মতো স্বচ্ছন্দে পা নাড়াচাড়া করতে না পারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
কেন এমন হয়?
একবার লিগামেন্ট ছিঁড়ে গেলে বা গুরুতর চোট লাগলে তা যদি সঠিক পদ্ধতিতে মেরামত না হয়, তবে সেই জায়গাটি দুর্বল হয়ে পড়ে। ফলে বারবার একই জায়গায় আঘাত লাগার প্রবণতা তৈরি হয়।
প্রতিকার
এই সমস্যা থেকে মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠান্ডা-গরম সেঁক এবং নির্দিষ্ট কিছু ব্যায়াম করলে ধীরে ধীরে লিগামেন্ট শক্তিশালী হয়। ব্যথা বাড়তে থাকলে দেরি না করে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
