হাইকমান্ডকে চ্যালেঞ্জ: চোপড়ায় কংগ্রেসের নজিরবিহীন প্রার্থী ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রে হাইকম্যান্ডের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই প্রার্থী ঘোষণা করল ব্লক কংগ্রেস নেতৃত্ব। সোমবার বিকেলে ব্লক কার্যালয়ে ঘটা করে তৃণমূল ত্যাগী নেতা জাকির আবেদিনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এআইসিসি-র সবুজ সংকেত পাওয়ার আগেই স্থানীয় স্তরের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা ও প্রদেশ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
ব্লক সভাপতি মহম্মদ মসিরুদ্দিন জানিয়েছেন, তৃণমূল ও বিজেপি অনেক আগে প্রচারে নামলেও কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণায় বিলম্ব হচ্ছিল। কর্মীদের প্রবল চাপের মুখে এবং ঘরবন্দি দশা কাটাতে ব্লক কমিটির বৈঠকেই জাকির আবেদিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, জাকির কিছুদিন আগেই ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী জাকির এবার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে নামছেন।
চোপড়ার রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ প্রায় দুই দশক পর এই কেন্দ্রে এককভাবে নিজস্ব প্রতীকে প্রার্থী দিল কংগ্রেস। শেষবার ২০০৬ সালে এখানে কংগ্রেসের ‘হাত’ চিহ্ন দেখা গিয়েছিল। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত এই নিয়মবহির্ভূত ঘোষণার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখন দেখার, হাইকম্যান্ড এই অবাধ্যতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় নাকি স্থানীয় আবেগের কাছে নতিস্বীকার করে এই প্রার্থীপদ অনুমোদন করে।

