হাইকোর্টের নির্দেশ অমান্য করে ধুন্ধুমার! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের – এবেলা
এবেলা ডেস্কঃ
September 1, 202610:33 am
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। হেস্টিংস থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাথিড্রাল রোড চত্বরে হাইকোর্টের নির্দেশিকা লঙ্ঘিত হয়। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও কর্মসূচি চালিয়ে যাওয়া এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচির অনুমতি থাকলেও তা অমান্য করা হয়। কর্মসূচি চলাকালীন ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড সরিয়ে দেওয়ায় ক্যাথিড্রাল রোডের একাংশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। হেস্টিংস থানার এসআই অপু বৈদ্যের লিখিত অভিযোগের ভিত্তিতে ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ এবং ২৮৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
