লেটেস্ট নিউজ

হাওড়া বিজেপিতে মণ্ডলে মণ্ডলে বিক্ষোভ: ভোটের মুখে ব্যাকফুটে গেরুয়া শিবির? – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়া সদর সাংগঠনিক জেলা বিজেপিতে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ২৪টি মণ্ডলের মধ্যে মাত্র ১৫টি সক্রিয়ভাবে প্রচারে নামায় দুশ্চিন্তায় জেলা নেতৃত্ব। বিশেষ করে মধ্য ও দক্ষিণ হাওড়া এবং সাঁকরাইলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারের গতি না পাওয়ায় সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। বিপ্লব মণ্ডলের মতো পুরনো মুখকে প্রার্থী করা নিয়েও কর্মীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তৃণমূলের দাপুটে প্রার্থীদের বিরুদ্ধে লড়তে ‘হেভিওয়েট’ প্রার্থীর অভাব এবং দীর্ঘদিনের কর্মীদের অবহেলার অভিযোগে সরব হয়েছেন নিচুতলার কর্মীরা। বালির মতো এলাকায় অন্তর্দ্বন্দ্বের কারণে মণ্ডলের নিষ্ক্রিয়তা দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, সারা বছর কর্মসূচি না থাকায় সংগঠন নড়বড়ে হয়ে পড়েছে এবং নির্বাচনী ফান্ডের সঠিক বণ্টন নিয়েও প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ কর্মীরা।

যদিও জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং এই অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, বড় সংগঠনে সামান্য মান-অভিমান থাকলেও দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচনী ময়দানে রয়েছেন। তবে রাজনৈতিক মহলের মতে, আটটি মণ্ডলে জমে থাকা এই অসন্তোষ দ্রুত মেটাতে না পারলে আসন্ন নির্বাচনে হাওড়া সদরের সাতটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *