হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই খেপল স্নিফার ডগ ‘মার্কো’! ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের – এবেলা

এবেলা ডেস্কঃ
হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে আরপিএফের স্নিফার ডগ ‘মার্কো’র তৎপরতায় উদ্ধার হলো ২২.৬৪ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। একটি আকাশি রঙের ট্রলি ব্যাগ দেখে মার্কো চিৎকার শুরু করলে তদন্তকারীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে আটক করে ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে ১১টি প্যাকেটের ভেতর থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
ধৃত যাত্রীর নাম রবিয়াল (২২)। তিনি কোচবিহারের বাসিন্দা হলেও বর্তমানে উত্তর-পশ্চিম দিল্লিতে বসবাস করেন। আটকের পর গাঁজার কোনো বৈধ লাইসেন্স, পারমিট বা প্রয়োজনীয় কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এই কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। গাঁজার পাশাপাশি তাঁর মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা এনডিপিএস অ্যাক্টের ধারায় মামলা রুজুর জন্য ধৃতকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, রেল চত্বরে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
