হাওড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে চলল বুলডোজার, গঙ্গার পাড়ে ভাঙল ‘অবৈধ’ নির্মাণ! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 22, 20267:22 pm
হাওড়া: গঙ্গার পাড়ে তৈরি বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ করল হাওড়া পুরসভা। মঙ্গলবার সকালে উত্তর হাওড়ায় বুলডোজার নামিয়ে এক নিমেষে গুঁড়িয়ে দেওয়া হয় স্থানীয় প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি গৌতম চৌধুরীর দলীয় কার্যালয়।
অভিযোগ ও বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া অভিযোগ উঠেছে, গঙ্গার তীর ঘেঁষে সম্পূর্ণ অবৈধভাবে এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছিল। শুধু তা-ই নয়, রাতের অন্ধকারে সেখানে নানা অসামাজিক কাজকর্ম ও মদের আসর বসত বলেও দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতা রবি সাউয়ের বক্তব্য, কার্যালয়টি একটি পবিত্র মন্দিরের ঠিক সামনে হওয়ায় পুণ্যার্থীদের আসা-যাওয়ায় চরম সমস্যা হতো। বেআইনি নির্মাণটি ভেঙে ফেলায় মন্দির প্রাঙ্গণ খালি হলো এবং ভক্তদের ভোগান্তি কমল।
নিশ্চুপ প্রাক্তন বিধায়ক, কড়া বার্তা প্রশাসনের এই কার্যালয় ভাঙা এবং বেআইনি নির্মাণের অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, গঙ্গার ধারসহ শহরের যেকোনো বেআইনি দখলের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযান উল্লেখ্য, ইদানীং রাজ্য জুড়েই বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার নামিয়ে অভিযান চালানো হচ্ছে। এর আগে হাওড়া স্টেশন চত্বর থেকে বেআইনি দোকান ও ডালা সরিয়ে দেয়ার পাশাপাশি দমদম, পার্ক সার্কাস ও বালিগঞ্জের মতো এলাকাতেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে আরপিএফ ও স্থানীয় প্রশাসন।
