হাওড়ায় প্রোমোটার খুনে আফগান যোগ: তদন্তে বিস্ফোরক তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার পিলখানায় প্রোমোটার মহম্মদ শফিক হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর আফগান যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। ধৃত মূল অভিযুক্ত হারুন খান আদতে আফগানিস্তানের নাগরিক এবং আগে সমাজবিরোধী কাজের জন্য জেল খেটেছে। অপর অভিযুক্ত রফাকাত হোসেন ওরফে রোহিত একজন কুখ্যাত অস্ত্র কারবারি। ধৃতদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
তদন্তে জানা গেছে, নিহত শফিকও অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল এবং টিপু সুলতান গ্যাংয়ের সদস্য হিসেবে কাজ করত। মূলত উত্তর হাওড়ার পিলখানা ও বামনগাছি এলাকায় প্রোমোটিং এবং এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। জেল থেকে ফেরার পর শফিক পুনরায় এই সিন্ডিকেট ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে।
মঙ্গলবার রাতে শফিক অভিযুক্ত হারুনকে খুঁজতে তার বাড়িতে চড়াও হয়। এর প্রতিশোধ নিতে বুধবার ভোরে হারুন ও রোহিত শফিককে ডেকে পাঠায় এবং বচসার একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। বর্তমানে গোলাবাড়ি থানা ও এসটিএফ ঘটনার তদন্তে নেমে উভয় গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

