হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণা! কলকাতার বড়বাজার ও পোস্তায় হানা ইডির – এবেলা

হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণা! কলকাতার বড়বাজার ও পোস্তায় হানা ইডির – এবেলা

এবেলা ডেস্কঃ

হাজার কোটিরও বেশি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলায় ফের ব্যাপক তৎপরতা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে কলকাতা ও ওড়িশার মোট ন’টি নির্দিষ্ট ঠিকানায় একযোগে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওড়িশার ভুবনেশ্বরের একটি সংস্থার বিরুদ্ধে প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। এই বিপুল পরিমাণ অর্থ নয়ছয় এবং তা বিভিন্ন চ্যানেলে পাচারের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ভুবনেশ্বরের ওই সংস্থাটি ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা কৌশলে সরায় এবং সেই অর্থ ওড়িশা থেকে বিভিন্ন মাধ্যমে কলকাতায় পাচার করা হয়। প্রসঙ্গত, এই মামলার প্রাথমিক তদন্তে সিবিআই যুক্ত থাকলেও পরে আর্থিক অনিয়মের দিকটি খতিয়ে দেখতে তদন্তভার নেয় ইডি। এর আগেও এই মামলার সূত্র ধরে কলকাতার পোস্তা ও বড়বাজার এলাকায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থারা। ঠিক কোন পথে এই বিশাল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই সুনির্দিষ্ট সূত্র ও প্রমাণ খুঁজতেই আজকের এই তল্লাশি অভিযান বলে জানিয়েছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *