হাড়োয়ায় তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, এলাকায় তীব্র চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোট আবহের মধ্যেই উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে ঝুজুরগাছা গ্রামের রাস্তার ধার থেকে মশিউর কাজি (৩৮) নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, দেহটি একটি কম্বল জড়ানো অবস্থায় পড়ে ছিল। নিহতের হাত দুটি কব্জি থেকে কাটা এবং একটি পা ভাঙা অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনার বীভৎসতা প্রকাশ পেয়েছে।
মৃতের বাড়ি দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে। পরিবারের অভিযোগ, বুধবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই মশিউর নিখোঁজ ছিলেন। নিহতের দাদার দাবি, পরিচয় গোপন করতে মশিউরের মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা।

