হাদি হত্যায় ধৃতদের ফেরত চায় বাংলাদেশ, দিল্লিতে এনআইএ হেফাজতে থাকা খুনিদের নিয়ে টানাপড়েন – এবেলা
এবেলা ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নয়া মোড়। বনগাঁ সীমান্ত থেকে ধরা পড়া তিন মূল অভিযুক্তকে বর্তমানে দিল্লির হেফাজতে নিয়ে জেরা করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ধৃতদের নিজেদের হাতে পেতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠাল বাংলাদেশ।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের মাধ্যমে ধৃতদের হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গত সপ্তাহে এদের গ্রেফতার করে। তবে অনুপ্রবেশের মামলা এবং ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে এনআইএ তদন্ত শুরু করায়, এখনই তাদের বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিরাপত্তাসংক্রান্ত সব দিক খতিয়ে দেখার পরেই প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নয়াদিল্লি।
হাদি হত্যাকাণ্ডের পর ওপার বাংলায় ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছিল, যা সামাল দিতে তৎকালীন সরকারকে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হতে হয়েছিল। এবার খুনিদের বিচার প্রক্রিয়া নিয়ে দুই দেশের আইনি ও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে।

